বড়দিনে শর্তসাপেক্ষে গড়চুমুকে পিকনিকের ছাড়পত্র
দি নিউজ লায়নঃ - বছরের শেষে বড়দিনে পিকনিকের আনন্দ উপভোগ করতে শর্তসাপেক্ষে গড়চুমুক পর্যটন কেন্দ্র পিকনিক করার ছাড়পত্র দিল হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বেশকিছু সরকারি নির্দেশ মানলে তবেই পর্যটন কেন্দ্রে পিকনিকের ছাড়পত্র মিলবে। শীতের মরসুমে হাওড়া জেলার যে কয়টি পর্যটন কেন্দ্র পর্যটকদের অন্যতম শ্যামপুরের গড়চুমুক পর্যটনকেন্দ্র। অবশ্য শুধু শীতের মরসুম নয়সারা বছরই পর্যটন কেন্দ্রের শোভা দেখার পাশাপাশি পর্যটন কেন্দ্রের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানা দেখতে ভিড় জমায় পর্যটকেরা।
যদিও এই বছর করোনার কারণে এই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। সংক্রমণ রুখতে গত মার্চ মাস থেকে পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল হাওড়া জেলা পরিষদ।ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছিল জেলার অন্যতম এই পর্যটন কেন্দ্র। যদিও পরবর্তী ক্ষেত্রে করোনার প্রকোপ একটু কমায় পুজোর আগে খুলে দেয়া হয়েছিল পর্যটন কেন্দ্রের দরজা। তবে সেই সময় পিকনিকের ছাড়পত্র দিতে পারেনি জেলা পরিষদ। অবশেষে পর্যটকদের আবেগের কথা মাথায় রেখে বছরের শেষে পিকনিকের ছাড়পত্র দিল জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্রে খবর বড়দিনে পর্যটন কেন্দ্রে ভিড়ের আশঙ্কা করেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাক্স ছাড়া পর্যটন কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা ছাড়াও নির্দিষ্ট জায়গার মধ্যে পিকনিক করার নির্দেশ দেওয়া হয়েছে।ভলেন্টিয়ার ও পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকবেন। পর্যটন কেন্দ্রে পিকনিক করা প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান পর্যটকদের আবেগের কথা মাথায় রেখেই শর্তসাপেক্ষে পিকনিক করার অনুমতি দেয হয়েছে। তবে সকলের কাছে আমাদের একটাই অনুরোধ কোভিড প্রটোকল মেনে আনন্দ করুন।

Post a Comment